বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিনের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

উপাচার্য মহোদয়ের শ্রদ্ধা নিবেদনের পরপরই পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল, সেক্টর কমান্ডার’স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ববি শাখা, অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, ২৪টি বিভাগ, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, ডিবেটিং সোসাইটি, কীর্তনখোলা ফিল্ম সোসাইটি, সাংবাদিক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় জীবনানন্দ দাশ মিলনায়তনে শিক্ষক সমিতির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে বুদ্ধিজীবিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) সিরাজিস সাদিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন তার বক্তৃতায় শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, শহীদ বুদ্ধিজীবিরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের মূল্যবান সম্পদ। এদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যেই দেশের প্রথিতযশা শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, সাংবাদিক তথা বুদ্ধিজীবিদের হত্যা করা হয়েছিল। উপাচার্য তরুণ প্রজন্মকে উদার, নৈতিক, অসাম্প্রদায়িক মানবিক গুণাবলির চেতনা নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এসময় তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান।

ইমন/এমআর