এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। তারপরেও ঢাকার সেরা দশ শিক্ষাপ্রতিষ্ঠানের মধে স্কুলটির অবস্থান তৃতীয়। সব দিক বিবেচনায় এ বছর রাজউক উত্তরা মডেল কলেজ ও মতিঝিল আইডিয়াল কলেজের পরেই অবস্থান করছে ভিকারুননিসা নূন স্কুল।
স্কুলের ১ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৯৩ জন। বাকী ৩ জন অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নেয়নি। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৩০ জন।
স্কুলটির বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার ১৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পায় এক হাজার ১২৪ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৪৪ জনের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৯৫ জন।
তবে অবস্থানের দিক থেকে গতবারের চেয়ে এক ধাপ পিছিয়ে গেলেও এই ফলাফলে সন্তুষ্ট প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মঞ্জু আরা বেগম।
শনিবার দুপুরে ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে  আলাপকালে তিনি জানান, এই ফলাফল অর্জন করার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি। গতবারের চেয়ে এক ধাপ পেছানোর বিষয় দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ বিষয়টিতে আমরা হতাশ নই। শতভাগ পাস এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বিবেচনা করলে আমরা গতবারের চেয়ে এগিয়ে আছি।
পাসের হার বৃদ্ধির কারণে কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে কি না? এমন প্রশ্নের উত্তরে অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, সেই সমস্যা তো দিন দিন বাড়ছে। এজন্য নতুন করে ভালমানের কলেজ প্রতিষ্ঠা করতে হবে।
ঢাকা, এমএইচ, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//জেডআই