হাসি, আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে 'পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০১৪' পালন করল হামদর্দ পাবলিক কলেজ পরিবার। নাচ, গান, বিতর্ক, সেমিনারের পাশে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে পিঠা উৎসব।
সোমবার সকাল ৯টায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব ড. হাকীম মো: ইউসুফ হারুন ভুঁইয়া।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। আধুনিক, দেশাত্মবোধক এবং বাউল গানের পাশাপাশি চলে পিঠা উৎসব। বাহারি রকম পাটিশাপটা, রসমালাই, চিতই আর ভাপা পিঠার আমেজে গ্রামবাংলার সেই নবান্ন উৎসবের কথা স্মরণ করে শিক্ষার্থীরা।
ড. হাকীম মো: ইউসুফ হারুন ভুঁইয়া তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করে। এমন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। এর ফলে পড়াশুনার একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে। অনুষ্ঠানটি আয়োজন করায় আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানান তিনি।
আনন্দিত কণ্ঠে কলেজ জীবনের স্মৃতি এবং অনুষ্ঠানের অনুভূতি প্রকাশ করেন বর্তমান ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত মনির হোসের জাহেদ। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানে প্রিয় শিক্ষক ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আমি অনেক আনন্দিত। তার জীবনের এই সাফল্যের কথা বলতে গিয়ে শিক্ষকদের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি। কলেজ হোস্টেলে রাত্রিকালিন শিক্ষা ব্যবস্থা চালু থাকায় আমাদের কোনো প্রাইভেট পড়তে হয়নি বলেও জানান তিনি।
শিক্ষাজীবনের মাত্র দুই বছরের জন্য এখানে লেখাপড়া করতে এসে তারা জড়িয়ে ছিলেন বন্ধুত্বে,হয়েছিলেন একে-অপরের আপনজন। আবার জীবনের বাস্তবতায় দীর্ঘ বিচ্ছিন্নতা, যোগাযোগহীনতা তাদের এ দূরত্ব যেন ক্ষণিকেই মিলিয়ে গেল। কুয়াশার চাদরে ঢাকা প্রিয় ক্যাম্পাসের সবুজ ঘাসের মাঠে অনেকদিন পর বন্ধুকে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন একে-অপরকে। কোনো ভূমিকা নয়,কোনো জড়তা নয়,উদ্বেলিত হৃদয়ে হাসি-আড্ডা-ঠাট্টায় সবাই মেতে গেলেন নিমিষেই।
সকাল সাড়ে ১১ টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। 'হৃদয়ে হামদর্দ ও হামদর্দ পাবলিক কলেজ' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন হামদর্দ পাবলিক কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের কাকলী আক্তার।
সন্ধ্যা ৬টায় সামারাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের তৃতীয় ধাপে সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাসচিব ড. হাকীম মো: ইউসুফ হারুন ভুঁইয়ার সভাপতিত্বে  'মেধা ও মনন বিকাশে অনন্য প্রতিষ্ঠান হামদর্দ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো: মুজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কামাল অবদুল নাসের চৌধুরী ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব কাজী হাবিবুল আউয়াল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ড. হাকীম রফিকুল ইসলাম, গোলাম মাওলা, কাজী মানসুর-উল হক, আনিসুল হক, অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, লে: কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অ:), মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অ:), মোহাম্মদ জামাল উদ্দিন ভুঁইয়া, ডা: হাকীম নার্গিস মারজান প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর তথ্য ও গণসংযোগ পরিচালক কাজী মনসুর-উল হক।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]