টানা চারমাস বন্ধের পর শুক্রবার খুলে দেওয়া হয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো।

গেল বছরের ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাসচাপায় এক শিক্ষার্থী নিহতের জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা প্রায় অর্ধশতাধিক বাস জ্বালিয়ে দেয়। দফায় দফায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ হয়। এমতাবস্থায় ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সভা করে ক্যাম্পাস অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের সকল আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়।

পরে ৮ জানুয়ারি ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিলেও অনিবার্যকারণ দেখিয়ে একদিন পর আবারো বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় ৩ এপ্রিল আবাসিক হল খুলে দেওয়াসহ ৪ এপ্রিল থেকে ক্লাস ও পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এ দিকে আজ সকাল সাড়ে ৯টায় ইবি আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। কিন্তু সারাদেশে অবরোধ আর হরতাল চলায় হলে আশানুরূপ শিক্ষার্থীদের উপস্থিতি হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকার কিছু শিক্ষার্থীরা হলে আসছেন।

প্রক্টর প্রফেসর ড. লোকমান হাকিম জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আশানুরূপ উপস্থিতি হলে আগামীকাল থেকে ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

কেএইচ