হরতালের কারণে আবারও পেছালো এসএসসি পরীক্ষা। আগামীকাল বুধবারের (৪ ফেব্রুয়ারি) পরীক্ষা পরবর্তী শনিবার (৭ তারিখ) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, এর আগেও হরতালের কারণে ২ ফেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় নির্ধারণ করা হয়েছিল।

শিক্ষামন্ত্রী এ সময় আক্ষেপ করে বলেন, আমরা এখনো আলাপ আলোচনা করছি, বার বার অনুরোধ করছি পরীক্ষার মধ্যে হরতাল না দিতে। কিন্তু আবারও পরীক্ষার মধ্যে হরতাল দেয়া হলো।

তিনি বলেন, আমি সকল দায়িত্বশীলের কাছে অনুরোধ করেছি নতুন প্রজন্মকে পড়াশুনা চালিয়ে যেতে সাহায্য করার জন্য।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট হরতাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বৃদ্ধি করায় বুধবার ও বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠান বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

দুপুরে সাড়ে ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব নজরুল ইসলাম খানসহ শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন ছাত্রী। মোট ৩ হাজার ১১৬টি কেন্দ্রে ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিদেশে আটটি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।

এবার আটটি বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) ১ লাখ ১০ হাজার ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে।

জেএ, কেবি