বিভিন্ন অভিযোগে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২২ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টিতে প্রথমবারের মতো ছাত্রলীগের নেতা-কর্মীকে বহিষ্কার করল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
পরীক্ষার হলে তালা লাগানো, শিক্ষকের কাছ থেকে হাজিরাখাতা কেড়ে নেয়া, সাংবাদিক নির্যাতন, পুলিশ পেটানো, শিক্ষার্থী মারধর, নিজেদের মধ্যে মারামারিসহ ১২টি অভিযোগে ছাত্রলীগের এসব নেতা-কর্মীকে শাস্তি দেওয়া হলো। গত নয় মাসের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে।
প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘মোট ১২টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইনের শাসন প্রতিষ্ঠায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলো। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।’
পাশাপাশি বিভিন্ন সময়ে মুঠোফোনে শিক্ষক ও শিক্ষার্থীদের হুমকিদাতাদের চিহ্নিত করতে থানায় ওই নম্বরের বিপরীতে রিপোর্ট করা হবে জানিয়ে প্রক্টর আরও বলেন, ‘থানা থেকে কললিস্ট পেলে আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব।’
বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির বৈঠক সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মার্চ পরীক্ষায় অংশ নেয়ার দাবিতে পরীক্ষার হলে তালা ঝোলান ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেলিম রেজা, তাজুল ইসলাম, কাউসার আলম ও সুমিথ সেনকে তিন মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ইসলামিক শিক্ষা বিভাগের এক শিক্ষকের কাছ থেকে হাজিরাখাতা কেড়ে নেওয়ার অভিযোগ ছিল ওই বিভাগের শিক্ষার্থী মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দৈনিক ইনকিলাব প্রতিনিধি শাকিরুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত কনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পার্থ প্রতিম দাশগুপ্ত। এ ঘটনায় শাকিরুলের করা অভিযোগের প্রমাণ পাওয়ায় পার্থ প্রতিমকে দুই মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত ২০ মে বেসরকারি টেলিভিশন ইনডিপেন্ডেন্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শরীফুল ইসলামকে মারধর করে শাটল ট্রেন থেকে নামিয়ে দেন ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন কনকর্ডের কর্মীরা। এ ঘটনায় শরীফুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে তৌহিদুল ইসলামকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
২১ আগস্ট পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের একাংশের হামলার শিকার হন পুলিশের সদস্যরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসান হাবিব ও নাসির উদ্দিন আহমেদকে ছয় মাসের জন্য এবং নিয়াজ উদ্দিন ও আনিসুর রহমানকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেসের সঙ্গে জড়িত।
ইংরেজি বিভাগের শুভ নামের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলমকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
প্রাণিবিদ্যা বিভাগের একাডেমিক কমিটির অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বিভাগে পড়ুয়া আবদুর জব্বার ও ওবায়দুর রহমান নামের দুই ছাত্রলীগকর্মীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রশান্ত চাকমার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারুকলা ইনস্টিটিউটে পড়ুয়া ছাত্রলীগকর্মী আনোয়ার হোসেনকে দুই মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো ও অশোভন আচরণ করার মাধ্যমে তাঁর মানহানি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল ফারুককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস ও একাকার পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে একাকারের তিন কর্মী আহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হিসাববিজ্ঞান বিভাগের রাজু মুন্সী ও লোকপ্রশাসন বিভাগের সাইদুল ইসলামকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এঁরা দুজনই সিক্সটি নাইনের সঙ্গে জড়িত।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানোয় মানহানি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিভাগের ফরহাদ হাসান নামের এক ছাত্রলীগকর্মীকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে ১০ জুন সকালে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন একাকার ও কনকর্ডের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই ঘটনায় ওই দিন বিকেলেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। ওই দিনের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে অর্থনীতি বিভাগের তৌহিদুল ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নাইম উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. সাকিব ও ব্যবস্থাপনা বিভাগের আবু আহাদকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





