গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ ও হাই সিকিউরিটি কারাগারের ২১ জন বন্দি কারাগারে বসেই এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন।
কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, কারা কর্তৃপক্ষ ও আদালতের অনুমতি নিয়ে, যথাযথ নিয়মেই কারাগার থেকে এবার ৮ বন্দি আলিম এবং দুইজন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
এছাড়া হাই সিকিউরিটি কারগারের ৯ জন বন্দি এইচএসসি এবং দুইজন আলিম পরীক্ষা দিচ্ছেন বলে জানিয়েছেন ওই কারাগারের জেলার মো. জান্নাতুল ফরহাদ।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দি শিক্ষার্থীরা স্ব স্ব কারাগারের ‘হল রুমে’ পরীক্ষায় বসেছেন। তাদের জন্য নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শক, প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষার পর উত্তরপত্র সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হবে।
উল্লেখ্য, ১ এপ্রিল বুধবার থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার আট লাখ ৮৬,৯৩৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪,৩৬০ জন,
কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৮,২৪৭ জন এবং ডিআইবিএসে ৪,৩৪৪ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া বিদেশের সাতটি কেন্দ্রে ২৪১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
এআর





