জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দুজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুতার তলায় মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয় বলে জানা যায়।
আজ শুক্রবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তল্লাশি করে তাদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ জানান, ‘অভিযুক্তরা ভর্তি জালিয়াতি করেছে বলা যাবে না। তবে তারা যেহেতু জুতার তলায় মুঠোফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছে, তাই বলা যায় তারা জালিয়াতির চেষ্টা করেছে। তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
তবে তাৎক্ষণিক অভিযুক্তদের নাম কিংবা পরিচয় তিনি জানাতে পারেন নি।
উল্লেখ্য, ২৭টি পরীক্ষা কেন্দ্রে শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।
ঢাকা, ১৯ সেপ্টম্বর, টাইমিউজবিডি.কম, এসএইচ





