শিক্ষকদের টানা আন্দোলনের মুখে অবশেষে দুই মাসের ছুটিতে গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া।
বৃহস্পতিবার সকালে সিন্ডিকেটের জরুরি সভায় তার ছুটির ‘আবেদন’ মঞ্জুর করা হয়। ২৪ এপ্রিল থেকেই তিনি ছুটিতে থাকবেন।
এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য জানান।
ইশফাকুল হক আরো জানান, ব্যক্তিগত কারণে দুই মাসের ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উপাচর্য। ছুটিকালীন সময়ে আমিনুল হক ভুঁইয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনে অবস্থান করবেন। কিন্তু কর্মস্থলে যাবেন না।
উল্লেখ্য, ১৩ এপ্রিল উপাচার্যের সঙ্গে একাডেমিক ভবনের স্থান সম্পর্কিত জটিলতা নিরসনের ব্যাপারে পদার্থবিজ্ঞান ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ১৯ শিক্ষক কথা বলতে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন শিক্ষকরা।
এরপর থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় ২০ এপ্রিল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ ৩৫ জন শিক্ষক প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন।
এআর





