সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সম্মতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

ফলে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে একযোগে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে কমিশনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ১২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউজিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, আমরা আশা করছি মার্চে প্রথম সপ্তাহ থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ে পুরোদমে কাজ শুরু হবে। ইউজিসি এ কার্যক্রম এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় সমূহকে সর্বাত্মক সহযোগিতা করবে।

প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে বিভিন্ন কমিটি গঠন করা হবে। ভর্তি পরীক্ষা ও পদ্ধতিসহ বিভিন্ন বিষয় যথাসময়ে জানানো হবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতির অভিপ্রায়ের প্রতি গুরুত্বারূপ করে অভিভাবক ও শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে উপস্থিত সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ সর্ব সম্মতিক্রমে এ পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত নেয়।

এমবি