চলতি বছরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামীকাল রোববার শুরু হচ্ছে। এবার মোট পরীক্ষার্থী ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন। এর মধ্যে প্রাথমিকে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ ও ইবতেদায়ীতে তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে।

এবার পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা দুই লাখ ১৫ হাজার ২১১ জন বেশি। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ছাত্র ১২ লাখ ৮২ হাজার ৭৯ জন, ছাত্রী ১৫ লাখ ছয় হাজার ৪৬৫ জন।

ইবতেদায়ীতে ছাত্র এক লাখ ৫৭ হাজার ৫৪৮ জন ও ছাত্রী এক লাখ ৪৮ হাজার ২৭৩ জন।

সারা দেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশের বাইরে ১১টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় শনিবার দ্য রিপোর্টকে জানান, পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শুরুর দিনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল, মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার কর্মসূচি রয়েছে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি

প্রাথমিক সমাপনীতে ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ৩০ নভেম্বর গণিত পরীক্ষা হবে।

ইবতেদায়ী সমাপনীতে ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর আরবী, ২৭ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্, ৩০ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে আর ইবতেদায়ীতে ২০১০ সাল থেকে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল দেওয়া হচ্ছে। গত বছর থেকে এই পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।

গত বছর ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।

জেআই