মাদ্রাসা শিক্ষা বোর্ডে গত বছরের চেয়ে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

এবার মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। ২০১৭ সালে পাসের হার ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ। এবার মাদ্রাসা বোর্ডে ৩ হাজার ৩৭১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর পেয়েছিল ২ হাজার ৬১০ জন।

আজ (রোববার) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রেজাল্টের কপি হস্তান্তর করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফল হস্তান্তরকালে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৮৬ হাজার ২০৬ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। তবে পাসের হার কমলেও এবার এই বোর্ড জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

গত ৬ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে বেশি কমেছে। অন্য বছরগুলোর তুলনায় গত বছরও পাসের হার কমছিল।

এছাড়া, ২০১৬ সালে মাদ্রাসা বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ। ২০১৫ সালের ছিল ৯০ দশমিক ২ শতাংশ, ২০১৪ সালে ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ, ২০১৩ সালে ছিল ৮৯ দশমিক ১৩ এবং ২০১২ সালে এই হার ছিল ৮৮ দশমিক ৪৭ শতাংশ।

এমবি