অবশেষে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি রাজশাহীর শাখার তিন কক্ষের ক্যাম্পাসটি উচ্ছেদ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ভদ্রা মোড়ের ৪০২ নম্বর বাড়ির চারতলায় অবস্থিত ওই ক্যাম্পাসে রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে তালা লাগিয়ে সিলগালা করা হয়।
সম্প্রতি রাজশাহীর ক্যাম্পাসটি অবৈধ ঘোষণা করে চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
এদিকে দুপুরে অভিযান টিম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখতে পান সেখানে দুটি শ্রেণীকক্ষে মোট ২০টি চেয়ার। অন্য কক্ষটিতে দুটি কম্পিউটার দিয়ে ভর্তি কার্যক্রম ও দাপ্তরিক কাজ পরিচালন করছে কতৃপক্ষ। কর্মকর্তা-কর্মচারী রয়েছেন চারজন।
অভিযোগ আছে, দালালদের কমিশন দিয়ে এখানে ছাত্রভর্তি কার্যক্রম চালানো হতো। শুধু কি তাই? কোন স্থায়ী শিক্ষক নিয়োগ না দিয়ে ক্লাশপ্রতি ৫০০ টাকা সম্মানীর বিনিময়ে সদ্য পাস করা শিক্ষার্থীদের দিয়ে বিবিএ, ইংরেজি সাহিত্যের মতো ক্লাশ নেয়া হয়।
রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ওই অবৈধ শাখা ক্যাম্পাসটি উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে চিঠি দেয়া হয়। এরপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই শাখা ক্যাম্পাসটি বন্ধ করে দেয়া হয়েছে।
তবে প্রিমিয়ার ইউনিভার্সিটির রাজশাহী ক্যাম্পাসের নির্বাহী পরিচালক ইব্রাহীম শেখ দাবি করেন, রাজশাহী ক্যাম্পাসটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শাখা। যদিও এ সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেননি।
ক্যাম্পাসের নির্বাহী পরিচালক আরও বলেন, ক্যাম্পাসটি মাত্র একবছর আগে চালু হয়েছে। এ পর্যন্ত পাঁচটি বিষয়ে ৪৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের মধ্যে নিয়মিত ৪৩ জন। বাকি ৬ জন ভর্তি হলেও আর আসেননি। স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়ায় শিক্ষকদের ক্লাশপ্রতি ৫০০ টাকা দেয়া হতো। তবে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা বা নিয়োগপত্রের কোন কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





