চলতি বছরের প্রথম থেকে দশম শ্রেণির বাংলা বইয়ে পরিবর্তন সংকলক-সম্পাদকদের সম্পূর্ণ অজ্ঞাতে হয়েছে বলে যৌথ বিবৃতি দিয়েছেন ওই সব বইয়ের ১৩ জন সংকলক-সম্পাদক। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ কথা বলেন।
যৌথ বিবৃতি বলা হয়, ‘২০১৭ শিক্ষাবর্ষের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত প্রথম থেকে দশম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে বিভিন্ন ভুল ও পাঠ-পরিবর্তন নিয়ে যে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে, তাতে সংকলক-সম্পাদকদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। এ সম্পর্কে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সবার অবগতির জন্য আমরা জানাচ্ছি যে পাঠ্যবইয়ের পরিবর্তন সংকলক-সম্পাদকদের সম্পূর্ণ অজ্ঞাতে হয়েছে। পরিবর্তন/সংযোজন বিষয়ে সংকলক-সম্পাদকদের কিছুই জানানো হয়নি।’
বিবৃতিদাতা ১৩ জন সংকলক-সম্পাদক হলেন হায়াৎ মামুদ, নিরঞ্জন অধিকারী, মাহবুবুল হক, মাসুদুজ্জামান, বিশ্বজিৎ ঘোষ, সৈয়দ আজিজুল হক, সোয়াইব জিবরান, শফিউল আলম, দানীউল হক, শ্যামলী আকবর, নূরজাহান বেগম, রফিকউল্লাহ খান ও সৌমিত্র শেখর।
এ সংকলক-সম্পাদকেরা পৃথকভাবে প্রথম থেকে তৃতীয়, চতুর্থ থেকে পঞ্চম, ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ের পরিবর্তন নিয়েও বিবৃতি দিয়ে একই কথা বলেছেন।
উল্লেখ্য, চলতি বছরের পাঠ্যবইয়ে ভুলভ্রান্তি ও নামকরা প্রগতিশীল লেখকদের বেশ কিছু গল্প-কবিতা বাদ দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
জারিফ





