পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবিতে আন্দোলন শুরু করেছে ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১টায় ইডেন কলেজের ২নং গেটের সামনের রাস্তা অবরোধ করে এ আন্দোলন শুরু করেন তারা। এসময় তারা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলনে কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার মতো সকল যোগ্যতা থাকলেও সরকার এটিকে বিশ্ববিদ্যালয় করছেন না। আমাদের ৬টি বড় বড় হল রয়েছে যেখানে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থার সুযোগ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এশিয়া মহাদেশে কোন মহিলা বিশ্ববিদ্যালয় নেই। একটি আছে তাও আবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের কলেজে ফলাফল বরাবরের মতোই ভালো, যা একটি বিশ্ববিদ্যালয়ের মান বজায় রাখতে পারে। কিন্তু আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। এতে বছরের পর বছর সেশনজটসহ বিভিন্ন সমস্যার গ্লানি টানতে হয় এই প্রতিষ্ঠানকে।
আন্দোলনরত ছাত্রীরা বলেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে ইডেন কলেজে এসে ভর্তি হয়। কিন্তু এখানে তারা মেধা বিকাশের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাননা। ইডেনে বর্তমানে কোন ধরণের গবেষণাগার নেই। যার ফলে এখানে উচ্চ শিক্ষা ব্যাহত হচ্ছে।
তারা আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক ধীরগতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। এতে শিক্ষার্থীরা তাদের শিক্ষার বিকাশ ঘটাতে পারছেন না। তারা বঞ্চিত হচ্ছে উচ্চশিক্ষা থেকে।
সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, আমরা চাই সরকার অতি শিগগির আমাদের দাবি মেনে নিবেন। অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। দাবি না মানলে প্রয়োজনে আমরা অনশনে যাবো।
এই দাবিতে চলমান আন্দোলন চালানোর পাশাপাশি আগামী ২০ ফেব্রুয়ারি বড় আকারের ছাত্র সমাবেশ করারও ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।  
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি[/b]