বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং ও ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সেমিস্টার পরীক্ষা বর্জন করেছেন।পরীক্ষা পেছানো ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি নিয়েছেন তারা।
শনিবার সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে একযোগে কয়েকটি বিভাগের দ্বিতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়।
এরমধ্যে ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নেই বলে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে বিভাগীয় প্রধানের কাছে লিখিত আবেদন করে। পরে তা মেনে নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. শহীদ চৌধুরী জানান, নিয়ম অনুযায়ী শনিবার ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের প্রস্তুতি না থাকায় লিখিত আবদনের পরিপ্রেক্ষিতে তা বাতিল করা হয়।
অন্যদিকে, মার্কেটিং বিভাগের পরীক্ষা শনিবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের বিরুদ্ধে মামলা থাকায় তা প্রত্যাহারের দাবিতে পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
অন্য বিভাগগুলোর পরীক্ষা যথারীতি চলছে বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তানভীর কায়সার। তিনি জানান, বর্তমানে বিভাগ দুটির প্রধানরা পরীক্ষার বিষয় নিয়ে সভা করছেন। সভাশেষে পরীক্ষার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ৫ জুন শিক্ষার্থীরা হামলা চালিয়ে সহকারী রেজিস্ট্রারসহ ৪ কর্মচারীকে আহত করেন। এ সময় রেজিস্ট্রারের কার্যালয়ের আসবাবপত্রও ভাঙচুর করা হয়।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী এস্টেট কর্মকর্তা মো. মনিরুজ্জামান পরদিন রাতে কোতোয়ালি মডেল থানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব জাবেদ খান, রেজা শরীফ, এনামুল মনি ও আল মামুনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





