রোববার (২৭ আগস্ট) বিকেলে ওই কমিটি গঠন করেন অধ্যক্ষ ফয়জুল বাশার। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ উপাধ্যক্ষ জি এম নাজিমুল হক।

অধ্যাপক উত্তম কুমার সাহার নেতৃত্বে এ কমিটির সদস্যরা হলেন- প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর কুমার সাহা, প্রভাষক আনিকা ইসলাম ও জহিরুল ইসলাম।

এর আগে ২৩ অগাস্ট রাতে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে পঞ্চম বর্ষের ছাত্রী নীলিমা হোসেন জুঁই দুবার নিজের কক্ষে ডেকে নিয়ে র‌্যাগিংয়ের নামে ‘মানসিক নির্যাতন’চালান। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে তার মা অভিযোগ করেন।

এ নিয়ে নির্যাতনের শিকার ওই ছাত্রী গত শনিবার অভিযোগ জানাতে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে যান। তখন সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে সাত সাংবাদিক কলেজ কর্তৃপক্ষের হামলার শিকার হন।

সাংবাদিকরা অভিযোগ করেন, অধ্যক্ষের কক্ষে ওই ছাত্রীর বক্তব্য নেওয়ার সময় কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক সৈয়দ বাকী বিল্লাহ ও প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর কুমার সাহা ও অফিস সহকারীদের কয়েকজন সাংবাদিকদের চড়-থাপ্পর মারে। পরে তাদের পিটিয়ে ও ধাক্কাতে ধাক্কাতে বের করে দেন। পরে কলেজ অধ্যক্ষ, জ্যেষ্ঠ সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এ বিষয়টি সমাধান হয়।

অভিযুক্ত শিক্ষার্থী নীলিমা হোসেন জুঁই ছাত্রী নিবাস ব্যবস্থাপনা কমিটির সহ-সাধারণ সম্পাদক। ঘটনার পর সংবাদ মাধ্যমের কাছে তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

এনএইচ