এসএসসি  পরীক্ষার ফলাফলে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এই প্রতিষ্ঠানে এবারো পাশের হার ৯৯.৯৪ শতাংশ।

বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর অধ্যক্ষ সুফিয়া খাতুন সাংবাদিকদের বলেন, ভিকারুননিসা নূন স্কুলের এবারের এসএসসি পরীক্ষায়  মোট শিক্ষার্থী ছিল  ১৫৯৬ জন। অংশ গ্রহণ করে ১৫৯৫ জন। পাশের হার ৯৯.৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩৬৮ জন।

বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলো ১২৮২ জন। এর মধ্যে ইংরেজি বিভাগে রয়েছে ৮৭ জন শিক্ষার্থী। মানবিক থেকে পরীক্ষা দিয়েছে ১৮ জন, আর ব্যবসায় বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ২০৯ জন। ভিকারুননিসায় ২০১৬ সালের এসএসসিতে পাশের হার ছিল ৯৯.৫৭ শতাংশ।

অধ্যক্ষ সুফিয়া খাতুন আরও জানান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভাল ফলাফলের নেপথ্যে তিনিটি কারণ রয়েছে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় সাফল্যের ধারা অব্যাহত থাকে বলে মনে করেন তিনি।

এদিকে, সকাল থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানার জন্য স্কুল প্রাঙ্গণে এসে ভিড় করতে থাকে। ফলাফল পেয়ে তাদের বেশিরভাগই আনন্দে মেতে উঠেন। অনেকের কাঙ্খিত ফলাফল না হওয়ায় কান্নায় ভেঙে পড়েন।

এমই/খাজা