রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম ইমেরিটাস অধ্যাপক এবিএম হোসেন মারা গেছেন।

শুক্রবার (১০ জুলাই) রাত ২টায় রাজধানী ঢাকার শ্যালীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধিকর্তা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি ফজলুল হক এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৮৬ বছর বয়সী এই অধ্যাপক বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। তিনি একজন স্বনামধন্য প্রত্নতত্ত্ববিদ ও মধ্যপ্রাচ্য বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। তার হাত ধরে অনেক শিক্ষার্থী বর্তমানে দেশ ও দেশের বাইরে খ্যাতি অর্জন করেছেন। শুধু ইসলামের ইতিহাস নয়, দেশ ও জাতির একজন ভালো পণ্ডিত ব্যক্তিত্ব, ইতিহাসের একজন কিংবদন্তিকে হারালাম আমরা। যেটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। কোনোভাবে তা পূরণ করা সম্ভব নয়।

ফজলুল হক জানান, শনিবার বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এছাড়া বিভাগের পক্ষ থেকে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার গায়েবানা জানাজা হয়েছে।

তিনি বলেন, এ বি এম হোসেন ১৯৩৪ সালে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় ধামতী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ ও ১৯৬০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও ইসলামিক আর্কিওলজিতে বিএ (সম্মান) ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। ১৯৭২ সালে অধ্যাপক হন।

পরে তিনি বিভাগীয় প্রধান, কলা অনুষদের অধিকর্তা ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম অধ্যাপক ইমেরিটাস হিসেবে সম্মাননা প্রাপ্ত হন। তার গবেষণা গ্রন্থ রয়েছে ১১টি। ১৯৭৭ সালে নরওয়েজিয়ান পার্লামেন্ট তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য গঠিত বোর্ডে সদস্য নির্বাচিত করে। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলা একাডেমির সম্মানিত আজীবন ফেলো ছিলেন।

এমবি