সিরাজগঞ্জ সদর উপজেলায় পরীক্ষা চলাকালীন সময়ে অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা এড়াতে এবং পরীক্ষা চলাকালীন সুষ্ঠু পরিবেশ রক্ষায় তিনটি পলিটেকনিক ইনস্টিটিউটসহ আশপাশের ২শ’ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
আজ রোববার সকাল ৯টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়।
সকাল ১০টায় পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হওয়ার পর আরও অতিরিক্ত এক ঘণ্টা সময় পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে।
প্রতিষ্ঠান তিনটি হলো-সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ইনস্টিটিউট-অব-মেরিন টেকনোলজি।
জেলা প্রশাসনের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া কারো প্রবেশ, লাঠিসোটা বা অস্ত্র বহন করা, শব্দবর্ধক মাইক অথবা মাইক্রোফোনের ব্যবহার ও ফটোস্ট্যাট মেশিনের ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন।
সে জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজ এলাকায় পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া জনগণের প্রবেশ, লাঠিসোটা বা অস্ত্র বহন করা, শব্দবর্ধক মাইক অথবা মাইক্রোফোনের ব্যবহার, ফটোস্ট্যাট মেশিনের ব্যবহার নিষিদ্ধ করা হলো।
১৪৪ ধারা জারির বিষয়টি শুধু পরীক্ষা চলাকালে থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এর আগে গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সে জন্য স্থানীয় প্রশাসনকেও তৎপর হতে দেখা যায়।
এমএম





