নারীদের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২ ঘটিকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে মুজিব শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত “বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২০”-এ এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ফাইনাল খেলায় পদার্থবিজ্ঞান বিভাগ জয়ী হওয়ায় উদযাপন করার সময় শিক্ষকদের বসার স্থানে চলে আসে। সেখানে মার্কেটিং বিভাগের একজন অন্তঃসত্ত্বা শিক্ষিকা থাকায় মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান এগিয়ে আসে এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাগর নূরকে হাত দিয়ে সরিয়ে দেয়।

এতে সাগর নূর মার্কেটিং বিভাগের শিক্ষককে চিনতে না পেরে উল্টা ধাক্কা দেয়। এতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। হামলায় পদার্থবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়। সবাই শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশ এলে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়।

এ ব্যাপারে প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। এই ঘটনার একটি সম্মানজনক সমাধান হবে।

মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো: মেহেদী হাসান বলেন, ওই শিক্ষার্থী না বুঝে করে ফেলেছে হয়ত তবে এই ঘটনার শেষ যেন এখানেই হয়। পরবর্তীতে যেন এই ঘটনাকে কেন্দ্র করে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। যদি ঘটে তবে এর দায়ভার বিশ্ববিদ্যালয় বা বিভাগ কেও নেবে না।

ইমন/এমবি