দোকানদারে ভুলের কারণে বাজারের ব্যাগে পাওয়া লাখ টাকা ফেরত দিয়ে সততার পরিচয় দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী সুমিয়ারা খাতুন সুমি।

যাচাই-বাচাই শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে টাকার মালিককে তার টাকা বুঝিয়ে দেয়া হয়। সুমি বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের মাস্টার্সের (থিসিস) শিক্ষার্থী। চাপাইনবাবগঞ্জ জেলার শীষ মোহাম্মদের মেয়ে।

তিনি জানান, বাজার থেকে কেনাকাটা করে রুমে এসে দেখেন তার শপিং ব্যাগে ১ লক্ষ টাকার একটি ব্যাগ। পরে ওই দোকানের শপিং ব্যাগে থাকা ফোন নাম্বারে কল করে জানতে চান তাদের কিছু হারিয়েছে কিনা? তারা জানায় তাদের কিছু হারায়নি। পরে বিষয়টি তিনি বিভাগের কয়েকজন শিক্ষককে জানালে তারা পুলিশ অথবা বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানাতে বলে।

এর কিছুক্ষণ পরেই ওই দোকানদার ফোন করে জানান তাদের ১ লক্ষ টাকা হারিয়েছে। ভুলক্রমে তারা কাপড়ের ব্যাগটি না দিয়ে তাকে টাকার ব্যাগটি দিয়ে দিয়েছে। প্রামাণ দিতে পারায় তাদেরকে বিভাগে আসতে বলা হয়। শিক্ষকদের উপস্থিতিতে যাচাই-বাচাই শেষে বৃহস্পতিবার ১১টার দিকে টাকা তার মালিকের হাতে তুলে দেয়া হয়।

সুমি বলেন, কারো টাকার প্রতি আমার লোভ নেই। টাকাটা তার মালিকের কাছে পৌছে দেয়া আমার দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্ব পালন করেছি। টাকা তার মালিককে দিতে পেরে আমি মনে প্রশান্তি পাচ্ছি। মানুষকে হাসিখুশি রাখতে পারলে আমার কাছে ভাল লাগে।

টাকার মালিক আশরাফুল আলম সেতু বলেন, আসলে পৃথিবীতে এখনো অনেক ভাল মানুষ আছে। ওই ম্যাডাম নিজে ফোন না করলে আমি হয়তো আর আমার টাকা পেতাম না। তিনি চাইলে টাকা নিয়ে নিতে পারতেন। আমি ম্যাডামকে দশ হাজার টাকা পুরস্কার দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি তাও নেন নি।

মানুষের কেমন হওয়া উচিত আমি ওনার কাছে শিখেছি। আমি ওনার কাছে কৃতজ্ঞ। ওই শিক্ষার্থীর এমন সততায় তাকে সাধুবাদ জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলে।

এমবি