অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত পরীক্ষার্থী ৫৯ হাজার ৬৬১ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত জেএসসি-জেডিসি পরীক্ষা সংক্রান্ত এক পরিসংখ্যান থেকে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথমপত্র ও জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা হয়। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।
পরিসংখ্যানে বলা হয়েছে, জেএসসি ও জেডিসির মোট ২৩ লাখ ৭ হাজার ৮৫৭ পরীক্ষার্থীর মধ্যে ২২ লাখ ৪৮ হাজার ১৯৬ জন অংশ নিয়েছে।
জেএসসিতে অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১২ হাজার ৫৬০, কুমিল্লা বোর্ডে চার হাজার ৪১০, যশোরে চার হাজার ৮৪৬, রাজশাহীতে চার হাজার ৮৩৮, চট্টগ্রামে দুই হাজার ৭০৫, সিলেটে দুই হাজার ৬৫০, বরিশালে তিন হাজার ২৮৮ এবং দিনাজপুর বোর্ডে তিন হাজার ৫৯৯ জন রয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসিতে ১৮ হাজার ৭৬৫ জন অনুপস্থিত ছিল।
এমবি





