রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের সব ভাস্কর্য উল্টে, ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ভাস্কর্য বিভাগের শিক্ষকদের কার্যালয়।

সোমবার (১৭ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে একটু দূরেই চারুকলা অনুষদ। মূল ক্যাম্পাস থেকে চারুকলায় ঢুকতে গেলে একটা গেট অতিক্রম করতে হয়। সেখানে সব সময়ই পুলিশি পাহারা থাকে। এর রেলক্রসিং পার হলেই চারুকলা অনুষদ।

অনুষদের পশ্চিম পাশে কৃষি অনুষদ আর দক্ষিণে ও ভাস্কর্য বিভাগের ঠিক পেছনেই বিশ্ববিদ্যালয়ের শেষ সীমা। পাশ দিয়ে চলে গেছে পাকা রাস্তা, যা বিশ্ববিদ্যালয়ের বাইরে।

সাংবাদিকরা সরেজমিনে গিয়ে দেখতে পান, চারুকলা বিভাগের সামনে এলোমেলো, উল্টো, বিশৃঙ্খল অবস্থায় পড়ে রয়েছে বিভাগের শিক্ষার্থীদের তৈরি ভাস্কর্য। ভাস্কর্য বিভাগের শিক্ষকদের কার্যালয় ভাস্কর্যের স্তূপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পহেলা বৈশাখে তৈরি করা পালকিও দূরে নিয়ে উল্টো করে রাখা হয়েছে।

বিভাগের শিক্ষার্থীরা বলেন, বিভাগের সব ভাস্কর্যই বাইরে থাকে। তাঁরা সকালে এসে দেখেন, ভাস্কর্যগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এক জায়গার ভাস্কর্য আরেক জায়গায় ফেলে রাখা হয়েছে। কিন্তু কে বা কারা এ কাজ করেছে, সেটা কেউ বলতে পারছেন না। এ রকম ঘটনা এর আগে তাঁরা দেখেননি, শোনেননি।

এমবি