জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আগামী ৮ জুন খুলে দেওয়া হবে। একই সঙ্গে আগামী ৯ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে হল খোলার আগেই আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন শুরু করা হবে।
আজ শনিবার বেলা ১১টায় শুরু হওয়া এক জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর ২টায় সিন্ডিকেট সভা শেষ হওয়ার পর জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
মামলা প্রত্যাহারের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এতে বলা হয়, আগামী ৮ জুনের আগেই নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে দুই শিক্ষার্থীর পরিবারের দুজনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেটে।
সিঅ্যান্ডবি থেকে বিশমাইল পর্যন্ত প্রতিটি গেটে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
ঈদের ছুটির পর পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
জেড





