খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু আগামী ১০ সেপ্টেম্বর। অনলাইনে এ আবেদন প্রক্রিয়া করা যাবে ৯ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভর্তি কমিটির সদস্যদের পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবার ৬টি স্কুল এবং ১টি ইনস্টিটিউটকে তিনটি ইউনিটে ভাগ করে একইদিনে তিন পর্যায়ে ভর্তি পরীক্ষা নেয়া হবে।
আগামী ১১ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর শনিবার সকাল ৮-৩০ টা থেকে ১০ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২ টা থেকে ১-৩০ টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং সমাজ বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৩ টা থেকে ৪-৩০ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, আইন স্কুল এবং চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ২৮টি ডিসিপ্লিনের (বিভাগের) মোট ১১৯৯ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। পরীক্ষার সময় মোবাইল ফোনসহ অন্যান্য যোগাযোগ ডিভাইস সংগে আনা যাবে না। আনলে তাকে বহিস্কার করা হবে।
ভর্তি পরীক্ষার আবেদনফরম পূরণ সংক্রান্ত যেকোন সমস্যায় ০১৭০৩৬১১১০৯, ০১৭১২৩৫৯৬০৮ এবং ০১৫৫৬৩২৭৪০৬ মোবাইল নং এ অফিস চলাকালীন (সকাল ৯:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত) সময়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.ku.ac.bd পাওয়া যাবে। এ ছাড়াও ভর্তিসংক্রান্ত যে কোন তথ্য সংশ্লিষ্ট স্কুলের ডিন/ইনস্টিটিউটের পরিচালকের অফিস থেকে জানা যাবে।
তৈয়েবুর/এমএনজে





