খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সে ৮৭৫ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১০ হাজার ২০৭ জন।

এবারের ভর্তি পরীক্ষায় অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ১০ হাজার ২২৪টি আবেদনের মধ্যে বৈধ ১০ হাজার ২০৭ জন আবেদনকারীর সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

কুয়েটের সূত্র জানায়, আগামী ৬ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মাধ্যমে পুরকৌশল (সিই) বিভাগে ১২০ জন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (তওই) বিভাগে ১২০ জন, যন্ত্রকৌশল (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত ৫টি আসনসহ ৮৭৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, এবার সব বৈধ আবেদনকারীর পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে। যা পরীক্ষার্থী এবং অভিভাবকরা প্রত্যাশা করেন।

তিনি বলেন, ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একাধিক কমিটি নিরলসভাবে কাজ করছে।

কেএইচ