ডাকসুর কার্যকরী সভাপ্রায় তিন দশক পর আবার সচল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

আজ (২৩ মার্চ) শনিবার ডাকসুর কার্যকরী সভার মধ্য দিয়ে এর কার্যকারিতা শুরু হলো। বেলা ১১টার কিছু পর ডাকসু ভবনের দ্বিতীয় তলায় সাধারণ সম্পাদকের কার্যালয়ের বিপরীত পাশের রুমে এই সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

এর মধ্যে ভিপি, জিএস ও এজিএসের অফিস রুম প্রস্তুত করা হয়েছে। আজ সবাই নিজ নিজ রুমে বসবেন।

সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর জিএস গোলাম রব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাব্বানী কেন্দ্রীয় সংসদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় জিএস সভাপতির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুমতি নেন। এক বছরের জন্য অনুমতি দেন ভিসি ড. আখতারুজ্জামান।

ডাকসু ভবনের চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার আবুল কালাম আজাদ জানান, সভার যাবতীয় প্রস্তুতি আগেই সম্পন্ন করা ছিল। নবনির্বাচিত নেতাদের বরণ করে নিতে সার্বিকভাবে প্রস্তুত করা হয় ডাকসু ভবন। ভবনটির চারপাশের দেয়ালে ও ভেতর রঙ করা হয়েছে। দেয়ালে করা হয়েছে বিভিন্ন কারুকাজ। নিরাপত্তার জন্য ভবনে সিসি ক্যামেরাসহ দরজায় লাগানো হয়েছে নতুন তালা। তবে দ্বিতলবিশিষ্ট ভবনটির দ্বিতীয়তলার যে আটটি কক্ষ থেকে পরিচালিত হবে ডাকসুর কার্যক্রম সেখানে এখনও কোনও আসবাবপত্র রাখা হয়নি। ডাকসু নেতাদের পছন্দ অনুযায়ী আসবাবপত্র আনা হবে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনের পর শনিবার (২৩ মার্চ) এই মেয়াদের প্রথম কার্যকরী সভার মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর আবারও যাত্রা শুরু করবে ডাকসু। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।

এমবি