ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান উপস্থিত ছিলেন।
পরে একে একে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, শিক্ষক কর্মকর্তাদের বিভিন্ন সংগঠন, বিভাগ ও হলসমূহ, বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে রাত ১১টা ৪৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বেদিতে গিয়ে মিলিত হয়।
এছাড়াও আজ (২১ ফেব্রুয়ারি) রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরন ও কালো পতাকা উত্তেলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
মুনজুরুল/এমবি





