ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমানকে অপসারণের দাবিতে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন হলের শিক্ষার্থীরা।
হল শাখা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিরাজ আহমেদের নেতৃত্বে শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত নিজ কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
রাত ১টার পর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী ঘটনাস্থলে গিয়ে তাকে মুক্ত করেন।
হলের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, শুক্রবার রাত ৩টার দিকে হলে সন্দেহভাজন একটি প্রাডো গাড়ি ঢোকে। তাদের দাবি, প্রায় সময়ই এ ধরনের গাড়ি ঢুকে থাকে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় ভোগে।
শিক্ষার্থীরা আরও জানান, শুক্রবার রাতে এ ধরনের গাড়ি ঢোকার পর তারা ক্ষুব্ধ হন। বিষয়টি জানাতে শনিবার তারা প্রাধ্যক্ষের কাছে যান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রাধ্যক্ষকে আটকে রাখেন শিক্ষার্থীরা।
এ সময় তারা প্রাধ্যক্ষের অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী।
এ ছাড়া হলে প্রাডো গাড়ি ঢোকার সময় কর্তব্যরত দারোয়ান ইউসুফ আলী খানকে সাময়িক বরখাস্ত করেন।
প্রক্টর আমজাদ আলী জানান, দায়িত্বরত দারোয়ান ইউসুফকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত জানার জন্য তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে বর্তমানে ডিবি হেফাজতে রয়েছে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর টাইমনিইজবিডি.কম, কেএ





