রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার আগামী বুধবার (৪ জানুয়ারি) শুরু হবে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী বুধবার এবং পরদিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেধাতালিকায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধা ক্রমানুসারে প্রথম তালিকা প্রকাশ করা হবে ১২ জানুয়ারি এবং এ তালিকা থেকে ১৮ ও ১৯ জানুয়ারি ভর্তি নেওয়া হবে।

এদিকে, কোটায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। কোটায় সাক্ষাৎকারদাতাদের তালিকা প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি এবং এ তালিকা থেকে ভর্তি নেওয়া হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি।

সাক্ষাৎকারের সময় অবশ্যই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট/প্রশংসাপত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল নম্বরপত্রসহ প্রতিটির দুই কপি ফটোকপি এবং ভর্তি প্রবেশপত্রের অনুরূপ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.brur.ac.bd তে পাওয়া যাবে।

এমএনজে