চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগ কর্মী তাপস সরকারের মূল হত্যাকারীদের বিচারসহ ছয় দফা দাবিতে শাটল ট্রেন অবরোধ করে রেখেছে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে শনিবার সকাল ৮টায় শাটল ট্রেন ছেড়ে আসার আগেই 'দুটি ট্রেনের মোট ১২টি গ্যাস পাইপ' কেটে দিয়েছে অবরোধ করে ভিএক্স কর্মীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে এখন পর্যন্ত কোনো ট্রেন ছেড়ে আসতে পারেনি।

ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরব আলী জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ দুটি ট্রেনের মোট ১২টি গ্যাস পাইপ কেটে দিয়েছে। তাই এখন পর্যন্ত কোনো ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।

ভিএক্স গ্রুপের কর্মী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য আনোয়ার জায়িদ অনিক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছি। আমাদের ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, 'আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা চেষ্টা করছেন নতুন গ্যাস পাইপ লাগিয়ে ট্রেন চালু করতে। আর ষোলশহর স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে।'

ইআর