২০১৯ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা বোর্ড।
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৪৯৮ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৩ হাজার ৩৫৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে। যার মধ্যে শুধু মাত্র নটর ডেম কলেজ থেকে ৬২৬ শিক্ষার্থী বৃত্তি পেয়ে প্রথম স্থান অধিকার করেন।
বিজ্ঞান বিভাগে পুরুষদের মধ্যে মোট বৃত্তিপ্রাপ্তের সংখ্যা ১২৫। যার মধ্যে ১১৩ জন নটর ডেম কলেজের শিক্ষার্থী। অর্থাৎ, বিজ্ঞানের মেধাবৃত্তিপ্রাপ্তদের ৯০.৪% ই নটর ডেম কলেজের।
এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১৮০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেয়া হবে।
বৃত্তির টাকা ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।
চলতি (২০১৯) বছরের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।
২০১৯ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ড ভিত্তিক কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নতুন নিয়মে বৃত্তি দিতে চলতি বছরেই অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে।
হাসান/এমবি





