রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের দুই দিনব্যাপী অ্যালামনাই ও প্রথম সম্মিলন শুরু হয়েছে।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আবদুল খালেক।
এর আগে সকাল সোয়া ৮টায় শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
এরপর মূল উদ্বোধন অধিবেশনে বাংলা বিভাগ অ্যালামনাই এর আহবায়ক প্রফেসর ড. পি এম সফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অ্যালামনাই সচিব প্রফেসর সরকার সুজিত কুমার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর জুলফিকার মতিন প্রমুখ।
বাংলা বিভাগের অ্যালামনাই ও প্রথম সম্মিলন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন কবি অনিক মাহমুদ ও কবি আমিনুর রহমান সুলতান।
‘পর্বে পর্বে সময় কথন’অনুষ্ঠানে উপস্থাপনা করেন প্রফেসর সফিকুন্নবী সামাদী ও ড. রতন সিদ্দিকী।
দুই দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ব্যাপী নাট্যকলা ও অভিনয়, সমাজ-সংস্কৃতি ছাত্র রাজনীতি, স্মৃতিময় প্রীতিময় শিক্ষকগণ, কবিতা কথা ও কবিকণ্ঠে কবিতা, বিভাগীয় সাহিত্য ও সংস্কৃতি চর্চা শীর্ষক পর্ব অনুষ্ঠিত হয়।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম আক্তার জাহান এমপি, সংসদ সদস্য হামিদা বানু শোভা, বিশিষ্ট নাট্যকার আব্দুল আজিজ।
সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এমআইএস।





