ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ থেকে ৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (২৮ জুলাই) ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এই তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের সাথে গতবারের মতো এবারও থাকছে ২০ নম্বরের লিখিত অংশ। সভায় প্রাথমিকভাবে খসড়া সিদ্ধান্ত গ্রহন করা হয়। এটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। সেখান থেকে অনুমোদনের পরই চুড়ান্ত সময়সূচী প্রকাশ করা হবে।
জানা যায়, রোববার (২৮ জুলাই) উপাচার্যের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর পর্যন্ত ভর্তি পরিক্ষার জন্য আবেদন ফরম জমা দেওয়ার তারিখ নিধারণ করা হয়। এছাড়াও প্রবেশপত্র ইস্যুর তারিখ, ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা, মেধায় ও অপেক্ষমানদের সাক্ষাতকারের তারিখ ঘোষণা করা হয় এবং নির্বাচিতদের ভর্তির তারিখ ঘোষণা করা হয়।
এবছর মোট ৪টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগে ২৩০৫ জন পরীক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ৬০ নম্বর, নৈর্ব্যক্তিক লিখিত থাকবে ২০ নম্বর এবং এসএসসি/সমমান এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ -এর ভিত্তিতে থাকবে (২০+২০)= মোট ৪০ নম্বর।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্টসহ ভর্তি কমিটির সদস্যবৃন্দ।
মুনজুরুল/এমবি





