আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় সারাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, ৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৮ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ১৫ মের মধ্যে শেষ করতে হবে। এবারও পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, এবার মোট শিক্ষার্থীর মধ্যে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৯ লাখ ২৪ হাজার ১৭১, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ১ লাখ ৭ হাজার ৫৫৭, কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৪ হাজার ৬৬৯ ও ডিআইবিএসে ৪ হাজার ৯৭৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
নাহিদ জানান, এবার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষায় মোট পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ২৮ হাজার ৭৯৩ জন। ২০১৩ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন। এবার এইচএসসিতে মোট শিক্ষার্থী ৯ লাখ ২৪ হাজার ১৭১ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৭০৬ জন, ছাত্রী সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৪৬৫ জন। মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৫৫৭ জন। এর মধ্যে ছাত্র ৬৩ হাজার ৯৭০ জন, ছাত্রী সংখ্যা ৪৩ হাজার ৫৮৭ জন। বিএম/ভোকেশনালে মোট শিক্ষার্থী ১ লাখ ৪ হাজার ৬৬৯ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৭০ হাজার ৮৪৮ জন এবং ছাত্রী সংখ্যা ৩৩ হাজার ৮২১ জন। ডিআইবিএসে মোট শিক্ষার্থী চার হাজার ৯৭৭ জন। ছাত্র সংখ্যা তিন হাজার ৭৬৯ জন, ছাত্রী সংখ্যা এক হাজার ২০৮ জন।
মন্ত্রী আরো জানান, সারা দেশে মোট দুই হাজার ৩৫২টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৩০১টি। কেন্দ্র সংখ্যা বেড়েছে ৬৪ টি। আটটি শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক তিন লাখ ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। সবচেয়ে কম সংখ্যক ৫৫ হাজার শিক্ষার্থী বরিশাল বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেবে।
শিক্ষামন্ত্রী বলেন, ২০১২ সালে শুধু বাংলা প্রথম পত্রের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ২০১৩ সালে বাংলা প্রথম পত্রসহ মোট সাতটি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার যেসব বিষয় সৃজনশীল পদ্ধতিতে হবে সেগুলো হলো : বাংলা প্রথম পত্র, রসায়ন, পৌরনীতি, ব্যবসায় নীতি ও প্রয়োগ, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ এবং কম্পিউটার শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্র।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
শিক্ষা
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় সারাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন





