দর্শনের মৌলিক চিন্তায় অবদানের জন্যে তৃতীয় বারের মতো 'বাঙলার পাঠশালা সরদার ফজলুল করিম দর্শন পদক' ২০১৫ প্রদান করা হয়েছে।
দর্শন শাস্ত্রে ‘ভারতীয় দর্শন’ ও ‘রমেন্দ্রনাথ ঘোষ দার্শনিক প্রবন্ধাবলি’র জন্যে মরণোত্তর এ পদকে ভূষিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রয়াত অধ্যাপক ও দার্শনিক ড. রমেন্দ্রনাথ ঘোষ। একই সাথে দর্শন সম্মাননা লাভ করেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সরদার ফজলুল করিম সম্মাননা ও আলোচনা সভায় ড. রমেন্দ্রনাথ ঘোষের স্ত্রী ছন্দা ঘোষ ও অধ্যাপক হাসান আজিজুল হককে পদক ও সম্মাননা তুলে দেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান আলোচক অধ্যাপক সনৎ কুমার সাহা’র নেতৃত্বে ৮ সদস্যের বিচারকম-লী দর্শন শাস্ত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ রমেন্দ্রনাথ ঘোষ এবং দেশের প্রান্তীয় জনগোষ্ঠির প্রতি আজীবন অঙ্গীকারবদ্ধ সাহিত্য ও দার্শনিক অবদানের জন্যে হাসান আজিজুল হককে চূড়ান্ত অনুমোদন দেয়।
পদকের সম্মানী হিসেবে ৫০ হাজার টাকা ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয় তাদের।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, অধ্যাপক এমেরিটাস অরুণ কুমার বসাক, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আক্তার আলী, কথা-সাহিত্যিক মামুন হুসাইন প্রমূখ।
প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে বাঙলার পাঠশালা অধ্যাপক সরদার ফজলুল করিমের জীবদ্দশাতেই এ পদক প্রদানের কাজ শুরু করে। প্রথমবারের আয়োজনে এ পদক লাভ করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক পারভেজ ইমাম (সদ্য প্রয়াত)। দ্বিতীয়বার এ পদক লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুনার রশীদ।
এমএ





