যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সমাবর্তন বক্তা ছিলেন ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স, কেআইএমএস ও কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অচ্যুত সামন্ত। সমাবর্তনে অচ্যুত সামন্তকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেওয়া হয়।
‘শিক্ষা হবে দরিদ্র জয়ের মূল কৌশল’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশ পরিচালনা ও অর্থনীতির হাল ধরার জন্য পর্যাপ্ত সংখ্যক উচ্চশিক্ষিত দক্ষ-যোগ্য সুনাগরিক গড়ে তুলতে হবে। তৈরি করতে হবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষিত দক্ষ কর্মীবাহিনী। এরা সবাই আমাদের নতুন প্রজন্ম। তাদেরকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করতে হবে।’
নাহিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞানের অনুসন্ধানের পরিবেশ জোরদার করার ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্বপ্রেক্ষিত ও প্রযুক্তির উৎকর্ষতা বিবেচনায় রেখে নতুন নতুন বিষয় সংযুক্তি, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদানের পদ্ধতি যুগোপযোগী করতে হবে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে উন্নত দেশসমূহের শিক্ষার সাথে মিলতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমান ও ইউনিভার্সিটির বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান সবুর খান প্রমুখ।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]