পুলিশের টিয়ারশেলের আঘাতে আহত রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিককের বাম চোখের অপারেশন শেষ হয়েছে।
ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে আজ শুক্রবার বিকাল ৩টায় এ অপারেশন শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৭টায়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্দিকুরের সহপাঠী শেখ ফরিদ বলেন, শংকর নেত্রালয়ের চিকিৎসক লিঙ্গম গোপাল বিকাল ৩টায় এই অপারেশন শুরু করেছিলেন। সন্ধ্যা ৭টায় অপারেশন শেষ হয়। তবে চিকিৎসকরা এখনও কিছু জানায় নি। রাতে শারীরিক অবস্থা সর্ম্পকে বিস্তারিত জানাবে বলে তারা জানিয়েছে।
উল্লেখ্য, রাজধানীর শাহবাগে গত ২০ জুলাই ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে সিদ্দিকুর চোখে আঘাত লাগে। তাৎক্ষনিকভাবে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা বলেন, সিদ্দিকুর ডান চোখে দেখতে পারবেন না। বাম চোখে আলো ফেরার সম্ভাবনা রয়েছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইতে নিয়ে যাওয়া হয়। চেন্নাইয়ের চিকিৎসকরাও সিদ্দিকুর চোখে দেখবেন না বলে জানিয়ে দেন। তবে সিদ্দিকুর অপারেশনের বিষয়ে অনড় থাকলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এমবি





