দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
তবে এই পদ্ধতিতে না যাওয়ার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অনুষ্ঠিত তৃতীয় নির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা প্রেস ব্রিফিং করে জানিয়েছেন ডাকসুর সহ-সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
গোলাম রাব্বানী বলেন, “ডাকসুর সদস্যরা সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্তের পক্ষে সমর্থন দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য রয়েছে এবং ১৯৭৩-এর যে অধ্যাদেশ রয়েছে সে অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া হবে।”
সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ গণমাধ্যমকে বলেছিলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে একবার আলোচনা হয়েছে, সেখানে শিক্ষকরা একমত পোষণ করেননি। শর্ত হচ্ছে ভর্তি পরীক্ষা হতে হবে স্বচ্ছ এবং এর যেন কোনো অনিয়ম না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।”
এমবি





