মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,অসাম্প্রদায়িক সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণ ও শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ।
এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কে এম মুত্তাকী ও সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন বলেন, শিক্ষার্থীদের মতামত নিয়ে গঠনতন্ত্রটি বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত করে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক সকল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী ও সাম্প্রদায়িক রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যেনো ছাত্র সংসদের নেতৃত্বে না আসতে পারে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।
প্রাথমিক প্রতিক্রিয়ায় খসড়া গঠনতন্ত্রটি প্রণয়ণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে গঠনতন্ত্রটি আরও ভালোভাবে বিশ্লেষণ ও সাধারণ শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা প্রয়োজন বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন্দ্রীয় ছাত্র সংসদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকা, বিশ্ববিদ্যালয়কে অপরিপূর্ণ করে রেখেছে। শিক্ষার্থীদের এক দশকেরও বেশি সময় ধরে আন্দোলনের পর গঠনতন্ত্র প্রকাশ করায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।
এর আগে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের অধ্যাদেশ না থাকায় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলো। এক দশকের বেশী সময় ধরে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের ফলাফল হিসেবে জকসু গঠনতন্ত্র প্রণয়নে উদ্যোগী হতে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
এ সময় তারা বিভিন্ন সময়ে ছাত্র সংসদের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের অভিনন্দন ও দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সোহেল/এএস





