কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ছাত্রী নিবাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছাত্রী ফাহমিদা হাসান নিসাসহ ৩ জনের নাম উল্লেখ করে ৬ ছাত্রীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
জেলার সদর দক্ষিণ মডেল থানায় বুধবার সন্ধ্যায় এসআই শহীদুল বাশার বাদী হয়ে মামলাটি করেন।
মামলা দায়ের করার পরই মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ সুপার কার্যালয়ে আনা ৬ ছাত্রীর মধ্যে মামলায় অভিযুক্ত মর্জিনা ও নুরুন নাহারকে গ্রেফতার দেখিয়ে অপর ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিক এখনো দগ্ধ নিসা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানপুর এলাকার মনিরুল ইসলাম মৃধার ‘প্রশান্তি’ নামের ভবনের হেভেন নামের একটি ছাত্রী নিবাসে মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ওই ছাত্রী নিবাসের নীচতলার একটি কক্ষের দরজা-জানালাসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়। এতে ওই কক্ষে থাকা ছাত্রী ফাহমিদা হাসান নিসার শ্বাসনালীসহ তার শরীরের ৪৫ ভাগ দগ্ধ হয়।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ছাত্রীনিবাসের ২টি কক্ষ থেকে ইসলামী ছাত্রী সংস্থার লিফলেট, জামায়াত-শিবির ও মওদুদির লেখা বিভিন্ন বই উদ্ধার করা হয়েছে। এছাড়া বিস্ফোরণে দগ্ধ ছাত্রী ফাহমিদা হাসান নিশা ও তার বান্ধবী মর্জিনা বেগম ইসলামী ছাত্রী সংস্থার সদস্য।
ওসি জানান, ঠিক কি কারণে বিস্ফোরণ ঘটেছে, ক্রাইমসিন টিমের পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই তা জানা যাবে ।
এম এ





