ময়মনসিংহের ত্রিশালের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাহাত জাহান শাকিলের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর নগরীর আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে গুলকিবাড়ি কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাহাত জাহান শাকিল মাত্র ৩৬ বছর বয়সে শুক্রবার রাত ৮ টা ১৫ মিনিটে শ্বাসকষ্টজনিত কারণে ময়মনসিংহে নিজ বাসভবন থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাকিলের স্ত্রী শেখ ফাহমিদা ইসলাম একই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত রয়েছেন। এ দম্পতির একমাত্র ছেলে উষ্ণের বয়স মাত্র ৬ মাস।

এদিকে, শাকিলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম ও কোষাধ্য অধ্যাপক এ এম শামসুর রহমান। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) এস. এম. হাফিজুর রহমান জানান, শাকিলের মৃত্যুতে উপাচার্য ৩ দিনের শোক ঘোষণা করেছেন।

আগামী ২১ মার্চ বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এমবি