রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার সুষ্ঠু বিচার দাবিতে প্রতিবাদী পথনাটক করেছে বিভাগের শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর ও শহীদুল্লাহ কলা ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া পথনাটক শুরুর আগে প্রতিবাদী কবিতা আবৃত্তিও করা হয়।
নাটকের একটি দৃশ্যে দেখা যায়, মাটিতে উপুড় হয়ে পড়ে আছে একটি লাশ। হাতের পাশে বই। বাকরুদ্ধ অবস্থায় মা ছেলের লাশের পাশে অসহায়ের মতো বসে আছে। তাদের পেছনে একদল শিক্ষার্থী আন্দোলনরত। তারা স্লোগান দিচ্ছে, ‘লিপু হত্যার...বিচার চাই’। মাইকে আওয়াজ ভেসে আসছে, ‘আর কত লাশ কফিনে ভরে তার মায়ের হাতে তুলে দেবো। আর কত মায়ের বুক খালি হলে আমরা সজাগ হবো। আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দেলনে শামিল হই। শপথ নিই, দেশের সকল হত্যার বিচার করে ঘরে ফিরবো। যাতে আর কোনও মানুষরূপী পশু মায়ের স্বপ্নকে মুছে দিতে না পারে।’
এদিন বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে এটি তৃতীয় দফায় প্রদর্শিত হবে বলে জানা যায়।
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ড্রেনের পাশ থেকে মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন বিকেলে লিপুর চাচা বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। গত ২৬ অক্টোবর মনিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নেওয়া হয়।
আশিক/জারিফ





