বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া অনেক বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে পদার্পণ করলেও পায়নি বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড)। পরিচয়পত্র না থাকায় অনেক ভোগান্তিতে পড়তে হয় এসব শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধিনে ২১টি বিভাগে ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই হাজার। ২০১৫-১৬ সেশনে ভর্তি হওয়া অনেক বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষ এবং ২০১৬-১৭ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষে অধ্যায়ন করছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ (৮ম ব্যাচ) এবং দ্বিতীয় বর্ষ (৯ম ব্যাচ) এখনো পায়নি তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড)।

বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) না পাওয়ায় বিভিন্ন সময় ভোগান্তির শিকার হতে হয় এসব শিক্ষার্থীদের । 

এদিকে বিশ্ববিদ্যালয়ের অষ্টম ও নবম ব্যাচের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে উপেক্ষা করে ২০১৭-১৮ইং শিক্ষাবর্ষের (দশম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে আগের বর্ষের শিক্ষার্থীদের মধ্যে চলছে নানান আলোচনা সমালোচনা।

মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বায়েজিদ আহমেদ বলেন, ‘আমরা তৃতীয় বর্ষে পড়ছি অথচ এখনো আইডি কার্ড পায়নি। নানান প্রয়োজনে ক্যম্পাসের বাইরেও চলতে হয়। অনেক সময় পুলিশের চেকিং-এ পড়তে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলে আইডি কার্ড দেখাতে বলে। তখন দেখাতে না পারায় অনেক সময় হয়রানির শিকার হই’।

দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রওনক জাহান খুশি বলেন, ‘এসাইনমেন্ট সহ বিভিন্ন প্রয়োজনে তথ্যের জন্য অনেক অফিসে যেতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখাতে না পারলে তারা সহজে তথ্য দিতে চায়না। ভূয়া শিক্ষার্থী মনে করে আমাদেরকে’।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘ যারা পায়নি তাদেরকে দ্রুত আইডি কার্ড প্রদান করা হবে’।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মুহাম্মদ ইব্রাহীম কবীর বলেন, ‘যারা পায়নি তাদের আইডি কার্ড প্রস্তুত করা হচ্ছে। অতি শীঘ্রই তা প্রদান করা হবে’।

এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিক বার ফোন করলেও  তাকে পাওয়া যায়নি।