কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনের একাংশের ইন্ধনে উপাচার্য (ভিসি) অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন চাকরি প্রত্যাশী ছাত্রলীগের ইবি শাখার সাবেক নেতাকর্মীরা।
বুধবার দুপুর একটার দিকে প্রশাসন ভবনে তারা হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ নিয়ে ১৬তম বার উপাচার্য কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটালো চাকরি প্রত্যাশী ছাত্রলীগ নেতারা।
অভিযোগ উঠেছে, ভবিষ্যতে উপাচার্য হওয়ার স্বপ্নে প্রশাসনের ইন্ধনদাতা একাংশ বর্তমান প্রশাসনকে বেকায়দায় ফেলতে এমন ঘটনা বার বার ঘটাচ্ছে। দফায় দফায় এসব হামলা ভাঙচুরের কারণে ইবি প্রশাসনকে গচ্ছা দিতে হচ্ছে বিপুল অংকের টাকা।
এ বিষয়ে ইবি প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। কারণ আমি দাপ্তরিক কাজে ক্যাম্পাসের বাইরে গেলেই এমন ঘটনা ঘটছে।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার বলেন, ‘আমাকে বেকায়দায় ফেলতে একটি অংশ এসব করছে। তবে রুম ভাঙচুরের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।’
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





