পূর্ব নির্ধারিত সময়েইজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে পরীক্ষা গ্রহণে সম্মতি জানান জবি শিক্ষক সমিতির নেতারা। তবে অন্যান্য ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার ব্যাপারে শিক্ষকরা এখনো অনড় রয়েছেন। যে কারণে বিশ্ববিদ্যালয়টির বাকি ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে শংকা এখনো কাটছে না।
আজ কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। এবার এ ইউনিটে ৭২০টি আসনের বিপরীতে ৪০ হাজার ৬৩৪ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৫৬ শিক্ষার্থী। ক্যাম্পাসসহ ১৮টি কেন্দ্রে আজ বিকেল ৩টা থেকে এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও প্রশাসন সূত্রে জানা গেছে, ৮ম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের পদমর্যাদা পুনর্নির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বুধবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। ফলে আজকের পূর্বনির্ধারিত 'বি' ইউনিটের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ে।
উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে জরুরি একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করেন ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। একাডেমিক কাউন্সিলের প্রথম দফা সভায় শিক্ষক সমিতিকে ভর্তি পরীক্ষা নেয়ার অনুরোধ করা হয়।
পরবর্তীতে শিক্ষক সমিতি জরুরি সাধারণ সভায় বি ইউনিটের পরীক্ষা নিতে সম্মত হয়। দ্বিতীয় দফায় একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি আলোচিত হলে আজকের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
এসএইচ





