ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী নূরুল হক নুরু, অনিক ও লিটন নন্দীর প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন ছাত্রলীগ সমর্থিত জিএস প্রার্থী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

তিনি অভিযোগ করেন, “ওরা প্রশাসনকে জিম্মি করে এবং ব্যালট পেপার ছিনতাই করে তা ছড়িয়ে দেয়। এই কারণে তাদের প্রার্থিতা বাতিল করে মামলা করা হোক।”

আজ (১১ মার্চ) সোমবার ১২টার পর রোকেয়া হল থেকে ৩ ট্রাংক ব্যালট পেপার উদ্ধার হয়। এইসব ব্যালট বাইরে আসার পর হলে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাব্বানী সাংবাদিকদের বলেন, “যেভাবে কোটাবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগ অফিসে গুম করা হয়েছে, বোনদের ধর্ষণ করা হয়েছিল বলে প্রচার করা হয় তেমনটাই এখানেও করার চেষ্টা করা হয়েছে।”

৩টি ট্রাংকে রাখা ব্যালট উদ্ধার করে রোকেয়া হল শিক্ষার্থীরা। এইসব ব্যালেট কোথা থেকে বাইরে এলো জানতে চাইলে রাব্বানী সাংবাদিকদের বলেন, “দরজা ভেঙে বের করেছে, এইসব হল সংসদে ছিল। এই ধরনের পরিস্থিতি তৈরির জন্য কোটা আন্দোলনের নুর, ছাত্রদলের অনীক ও বামজোটের লিটন নন্দী জড়িত।”

এরআগে বাংলাদেশ কুয়েত মৈত্রীহলে ছাত্রলীগ প্যানেলের প্রার্থীদের পক্ষে সিল মারা ১ বস্তা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা।

এমবি