রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর ও ছাত্রী হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে ছয়জন সহকারী প্রভোস্ট, তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার এসব পদে নিয়োগ দেয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোরশেদ উল আলম।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নতুন প্রক্টর হিসেবে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ জামানকে নিয়োগ দেয়া হয়েছে। সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহীনুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সিরাজউদদৌলা, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক সুবরণ চন্দ্র সরকারকে। হিসাববিজ্ঞান বিভাগের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে বিভাগের শিক্ষক আপেল মাহমুদকে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদকে নিয়োগ দেয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া এই হলের সহকারী প্রভোস্টরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক রিটু কুণ্ডু, একই বিভাগের প্রভাষক জুবায়ের তাহের ও সাব্বির আহমেদ চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রভাষক বেলাল উদ্দিন এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরী।
উল্লেখ্য, শিক্ষকদের পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে শিক্ষক সমিতির টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২ নভেম্বর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, চারজন সহকারী প্রভোস্ট পদত্যাগ করেন। এই সুযোগে মঙ্গলবার ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জোরপূর্বক হলে প্রবেশ করে কয়েকজন ছাত্রীকে হলের ওঠানোর চেষ্টা চালান। এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। ছাত্রীদের দাবির মুখে নতুন প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের নিয়োগ দেয়া হয়।
এ ব্যাপারে তুহিন ওয়াদুদ বলেন, বর্তমানে হলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে আজও শিক্ষক সমিতির আন্দোলন অব্যাহত রয়েছে। অন্য দিনের মতো আজও শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
কেএইচ





