সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কৃষি অনুষদ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) গবির রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী জুলাই-২০২৩ সেশন থেকে ভর্তি শুরু হবে, যার আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৫টি। ভর্তি অফিসের তথ্যানুযায়ী, বিএসসি ইন এগ্রিকালচার (অনার্স) কোর্সের সর্বমোট শিক্ষা ব্যয় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে শেকৃবির কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে এ অনুষদের ডিন নিযুক্ত করা হয়েছে। এছাড়া আরও ৬ জন শিক্ষকের নিয়োগ সম্পন্ন হয়েছে। অনুষদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক ভবনের ৪র্থ তলায় সি ব্লকে।

প্রসঙ্গত, কৃষি অনুষদ চালুর মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয়ে মোট অনুষদের সংখ্যা হলো পাঁচটি। বেসরকারি হলেও এখানে বিভিন্ন ব্যতিক্রমী প্রোগ্রাম রয়েছে, যার মধ্যে মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অন্যতম।

এবিএস